কুমিল্লার নাঙ্গলকোটের নগরীপাড়া আলহাজ্ব মৌলভী আলী নোয়াব (রহ.) মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আহসান হাবিব মিয়াজী'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শাহ আলম, পেয়ার আহমদ, সাবেক শিক্ষার্থী সারোয়ার হোসেন, মহিন উদ্দিন। এছাড়া, মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
ভুক্তভোগী মাওলানা আহসান হাবিব মিয়াজী বলেন, প্রতি বছর মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এবং এতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবার কাদের আমন্ত্রণ জানানো হবে, তা নিয়ে মাদ্রাসা কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হয়। স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে কাউকে আমন্ত্রণ জানালে অন্য পক্ষের অসন্তুষ্টির আশঙ্কা তৈরি হয়, এ পরিস্থিতিকে কেন্দ্র করে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে আমি ও মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার সুনাম রক্ষা এবং শিক্ষা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নাঙ্গলকোট প্রতিনিধি