কুমিল্লা | বঙ্গাব্দ
স*ন্ত্রাস ও নৈ*রাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান
স*ন্ত্রাস ও নৈ*রাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ...
0:00
0:00

স*ন্ত্রাস ও নৈ*রাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান

ছবির ক্যাপশন:

সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে কর্মচারীদের পক্ষ থেকে হাবিবুর রহমান বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের জানিয়ে দিতে চান যে এসব কর্মকাণ্ড তাঁরা মেনে নেবেন না। গার্মেন্টস কারখানা পোড়ানো কিংবা বাস-ট্রাকে আগুন দেওয়ার মতো ঘটনা তাঁরা দেখতে চান না। তাঁরা দেশ ও ক্যাম্পাসে স্থিতিশীলতা এবং অর্থনীতির সচলতা চান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করেন তাঁরা। ভবিষ্যতে কেউ নাশকতার চেষ্টা করলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতির তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে হবে। ভবিষ্যতে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার চেষ্টা করা হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, ‘আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি স্বাভাবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও শিক্ষক সমিতির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে সেই সরকারকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রলবোমা হামলার মতো ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন তাঁরা। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরে আসার পরও একটি গোষ্ঠী সেই পরিস্থিতি নস্যাৎ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেকোনো অন্যায়, অনিয়ম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ