কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার ও স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুনে দোকানের মালামালসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টা পর্যন্ত আগুন জ্বলছিল; পরে ফা'য়ার সার্ভিসের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে আ'গুন নিয়ন্ত্রণে রয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া