কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় দাওয়াতুল হক তা’লীমুল কুরআন মাদরাসার পূর্ব পাশে মনির সরকারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের লেবু বাড়ি পশ্চিমপাড়ার মোছা. ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি ও কোকিলা (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ফাতেমা আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও কসবা থানায় এবং জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে চকবাজার ও গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া