কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর পশ্চিমপাড়া সরকার বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হাজী আবদুল ওয়াদুদ মিয়া (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ নভেম্বর) দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে দ্রুত তাঁকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রোববার দুপুরে জোহরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের উপস্থিতিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সশস্ত্র সালাম ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।
একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে অনন্তপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া