কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে কৃষিখাত, খাদ্য নিরাপত্তা, আমদানি-রপ্তানি বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এসময় রাষ্ট্রদূত মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে শুভেচ্ছা জানান।
কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। প্রায় পাঁচ দশক ধরে দেশটির সহযোগিতা কৃষি ও প্রযুক্তিসহ নানা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে নন-ইউরিয়া সার, বিশেষ করে এমওপি সারের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। ভবিষ্যতেও এ সরবরাহ স্বাভাবিক রাখতে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এছাড়া বাংলাদেশ থেকে আলু, আম, শসা ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আমদানি বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ থেকে রাশিয়ায় নিয়মিত আলুসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করা হচ্ছে। পাশাপাশি সার ও বীজ সরবরাহের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণেও রাশিয়ার আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কৃষি সচিব রফিকুল ইসলাম মোহামেদ, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব আনাস্তাসিয়া নেমোভা এবং কাউন্সেলর (কৃষি অ্যাটাশে) ভ্লাদিমির মোকালভ।
অফিস রিপোর্টার