কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দেয়ালে শহীদ শরীফ ওসমান হাদির গ্রাফিতি

  • প্রকাশের তারিখ : 7-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে (ডিগ্রি শাখা) শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের ডিগ্রি শাখার কলা ভবনের দেয়ালে শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গ্রাফিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্লোগানসম্বলিত তিনটি প্রতিকৃতি অঙ্কন করা হয়, যেখানে তাঁর আদর্শ ও প্রতিবাদী চেতনা ফুটিয়ে তোলা হয়েছে।

আয়োজক শিক্ষার্থীরা জানান, হত্যাকাণ্ডের ২৫ দিন পার হলেও দৃশ্যমান বিচার না হওয়ায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি এবং শহীদ হাদির স্মৃতি ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, তারুণ্যের আইকন শরীফ ওসমান হাদিকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখতেই এই প্রতিকৃতি গ্রাফিতি অঙ্কন।

এ সময় কলেজের কলা ভবনের অঙ্কনকৃত অংশকে “শহীদ ওসমান হাদি কর্ণার” ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

অবস্থা সংকটাপন্ন হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তিন দিন পর, ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ফয়সাল করিম মাসুদকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ