কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইয়াবাসহ দুইজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত একজন পলাতক আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালে দুইজন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই মো. নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বাজারের উত্তর পাশে একটি বন্ধ গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ রেজাউল করিম (১৯) ও অন্তর (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার এসআই সুজন কুমার আচার্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. এরশাদ মিয়া (৫৭)-কে গ্রেপ্তার করেন। তিনি দক্ষিণ চান্দলা এলাকার বাসিন্দা।
এ ছাড়া একই দিন এসআই মো. শামীম হোসেন ও এসআই মাহতাব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে মহসিন আলম (৩০) ও সুরুজ মিয়া (৫৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেন। তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার পাঁচজনকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া