কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পদ্মকোট বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ,
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যাঁদের দলের সঙ্গে ছিলেন জেল জুলুম মামলা হামলা এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং যাঁদের রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে জসিম উদ্দিন ও মো. শাহ আলমকে কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয় নেতাকর্মীদের দাবি,
৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু ব্যক্তি দলে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। তাঁদের প্রশ্ন, দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কী বিবেচনায় নতুন কমিটি গঠন করা হলো?
২০১৬ সালের নির্বাচনী পুরোনো রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দেওয়া তথ্য এবং সংরক্ষিত একটি নির্বাচনী পোস্টার থেকে জানা যায়, ২০১৬ সালে ১০নং বনকোট/গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন। ওই সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন মোজাফফর আহমেদ। মনজুল হক সরকার, তৎকালীন যুবদল সভাপতি মো. মাসুদ রানা, বিএনপি নেতা শামীম সরকার এবং ছাত্রদল সভাপতি মোহাম্মদ জিয়ার রাজনৈতিক ভূমিকা নিয়েও স্থানীয় নেতাকর্মীরা আলোচনা করছেন।
এ বিষয়ে জসিম উদ্দিনের সঙ্গে তাঁর বাড়িতে নির্বাচন ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার প্রসঙ্গ তুলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, ওই সময় তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এফ এম ফখরুল ইসলাম মুন্সী এবং তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য রাজীব মোহাম্মদ ফখরুলের বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা প্রকাশ করেছিলেন।
অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতাদের তিনি বলেছিলেন, তাঁকে নিয়ে যেন তাঁরা চিন্তা না করেন; তিনি ফখরুল মুন্সী ও রাজু মুন্সীর লোক এবং চেয়ারম্যান হবেন। বিএনপির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন বলে দাবি করেন অভিযোগকারীরা। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান (সাধারণ সম্পাদক, সাবেক গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপি), মো. সোহেল ভূঁইয়া (সাবেক সাধারণ সম্পাদক, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপি), মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া মুন্না মেম্বার (সাবেক সাংগঠনিক সম্পাদক, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপি), মোহাম্মদ আবদুর রশিদ (সভাপতি, ৪নং ওয়ার্ড বিএনপি) এবং মোহাম্মদ নাজমুল গাজী (যুগ্ম আহ্বায়ক, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন যুবদল)।
তৎকালীন সময়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার ও হাকিম চেয়ারম্যানের রাজনৈতিক বলয়ের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন।
তাঁদের প্রশ্ন, অতীতে বিএনপির বাইরে অন্য রাজনৈতিক বলয়ের সঙ্গে অবস্থান নেওয়ার অভিযোগ থাকা একজন ব্যক্তি কীভাবে বর্তমানে ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন?
২০০১ সালের অভিযোগ নিয়েও বিতর্ক
এদিকে বিএনপি নেতা ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি দুলাল সরকার জসিম উদ্দিনের অতীত কর্মকাণ্ড নিয়ে ২০০১ সালের একটি অভিযোগ সামনে এনেছেন। তাঁর দাবি, ওই বছর যুবদলের সভাপতি পদপ্রার্থী থাকাকালে পদ্মকোট বাজারে এক নারীর সঙ্গে আপত্তিকর পরিস্থিতিতে জসিম উদ্দিন আটক হয়েছিলেন। এ ঘটনার কারণে সে সময় তাঁকে যুবদলের কোনো পদে রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।
৫ আগস্টের পর কমিটিতে পদ পাওয়া নিয়ে প্রশ্ন
স্থানীয় নেতাকর্মীদের আরও অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ের দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামে যাঁদের সক্রিয় উপস্থিতি ছিল না, তাঁদের কেউ কেউ ৫ আগস্টের পর দলীয় গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। তাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে কিংবা ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কমিটি গঠনের ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগের পক্ষে নির্দিষ্ট আর্থিক লেনদেনের বিষয়টিও উঠেছে।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। দলের জন্য যাঁরা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের মূল্যায়ন করতে হবে। ব্যক্তিগত পছন্দ, স্বজনপ্রীতি কিংবা প্রভাব খাটিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের ঐক্য নষ্ট হবে।
তাঁরা আরও বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ অবস্থায় বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে দল পরিচালিত হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া আরও জানা যায়, এই কমিটি একটি ‘জামাই-শ্বশুরের কমিটি’, যেখানে জামাই ও শ্বশুর দুজনেই যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
কেন্দ্রীয় ও জেলা নেতাদের কাছে বিচার দাবি
নেতাকর্মীরা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাঁদের দাবি, নবগঠিত আহ্বায়ক কমিটির গঠনপ্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের রাজনৈতিক অতীত এবং তৃণমূলের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা যাচাই করতে হবে। একই সঙ্গে বিতর্কিত কমিটি বাতিল করে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে গ্রহণযোগ্য কমিটি গঠন করতে হবে।
তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য, তাঁরা পদ-পদবির জন্য নয়, দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য প্রতিবাদ করছেন। ১৭ বছরের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন না হলে দলের ভবিষ্যৎ সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
মাসুদ রানা