কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি চোরাকারবারি চক্রের অন্যতম হোতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ২০৫৭/২ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ মেহেদী হাসান (২৬)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় পলাতক অন্যান্য অজ্ঞাতনামা অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া