কুমিল্লা | বঙ্গাব্দ
ভিক্টোরিয়া কলেজে প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
ভিক্টোরিয়া কলেজে প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দি...
0:00
0:00

ভিক্টোরিয়া কলেজে প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) কলেজের মাল্টিপারপাস রুমে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কাশেম, বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোহাম্মদ, অধ্যাপক (ইনসিটু) মো. এনামুল হক, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন, সহকারী অধ্যাপক মো. আতিক চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে হিসাববিজ্ঞানবিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মোস্তফা কামাল। এ ছাড়া হিসাববিজ্ঞান পেশায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের বার্তা দিয়ে ‘দুর্নীতির মুখোশ উন্মোচন’ শিরোনামে একটি নাটক প্রদর্শিত হয়।

সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কাশেম বলেন, ১৯৭২ সালে আমেরিকায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্মানে এ দিবস পালন শুরু হয়েছিল। যেকোনো প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞান-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে থাকে। মালিকের পরের স্থানেই থাকে হিসাবরক্ষক বা হিসাব কর্মকর্তাদের গুরুত্ব। আমাদের কলেজে এই প্রথম দিবসটি পালিত হলো, সে জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি, তোমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোহাম্মদ বলেন, আমি সত্যিই গর্বিত। আমার শিক্ষার্থীরা অত্যন্ত সৃজনশীল এবং হিসাববিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা বিস্তৃত। 
তিনি আরও বলেন, হয়তো এক বছরের মধ্যেই আমি অবসরে যাব। ১৯৯৬ সাল থেকে দীর্ঘ শিক্ষকতা জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, কিন্তু শিক্ষার্থীদের নিজ উদ্যোগে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস’ উদযাপনের এমন নজির আগে কখনো দেখিনি। এত সুন্দর আয়োজনের জন্য আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।

দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে কেক কাটেন। পরে কলেজের বিভিন্ন সড়কে আনন্দ র‍্যালি প্রদক্ষিণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ