কুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা, মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরা বাজারে ৪ জন এবং লালমাইয়ে ৪ জন রয়েছেন।এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নেকবর হোসেন