“সমবায় শক্তি, সমবায় মুক্তি, করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস মুন্নী ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম এবং উপজেলা তথ্যসেবা জান্নাতুল মারিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া