কুমিল্লার নাঙ্গলকোটে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা দক্ষিণ পাড়া মজুমদার বাড়ির আবুল কাশেম মজুমদারের বিরুদ্ধে। ভুক্তভোগী জমির মালিক একই গ্রামের মনির হোসেন। মঙ্গলবার এ জমি দখলের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনির হোসেন অভিযোগ করে বলেন, তার চাচা আবুল কাশেমের নিকট থেকে সাফ কবলা দলিলমূলে তিনি ২ শতক জমি ক্রয় করেন। কিন্তু ওই জায়গা নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও বিষয়টি সমাধান হয়নি। চলতি মাসের ২ তারিখ মনির হোসেন বাদি হয়ে কুমিল্লা ২নং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবুল কাশেম মজুমদার, ইলিয়াস মজুমদার ও শাহপরান মজুমদারের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি নাঙ্গলকোট থানার ওসিকে বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
মনির হোসেন আরও বলেন , নাঙ্গলকোট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে সতর্কীকরণ নোটিশ প্রদান করেন। তারপর ও আবুল কাশেম মজুমদার ও তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার (১০ নভেম্বর) ৮/১০ জন শ্রমিক ও ২০/৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক পাকা দেয়াল, দরজা-জানালা ও টিনের চাল দিয়ে ঘর নির্মাণ করেছেন।
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন ঘর নির্মাণ করেছেন,এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেম মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জায়গা তিনি বিক্রি করেননি। যে জায়গায় ঘর নির্মাণ করেছেন এটি তার নিজস্ব জায়গা।
নাঙ্গলকোট থানা এস আই আনোয়ার হোসেন বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে। কিন্তু মঙ্গলবার আবুল কাশেম মজুমদার ও তাঁর লোকজন আইন অমান্য করে ঘর নির্মাণ করেছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম বলেন, নির্মাণকাজ বন্ধ রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নাঙ্গলকোট প্রতিনিধি