কুমিল্লা | বঙ্গাব্দ
ত্যাগীদের মূল্যায়ন নেই, পর্দার আড়ালের নেতাদের পুনর্বাসনের প্রতিযোগিতায়
ত্যাগীদের মূল্যায়ন নেই, পর্দার আড়ালের নেতাদের পুনর্বাসনের প...
0:00
0:00

ত্যাগীদের মূল্যায়ন নেই, পর্দার আড়ালের নেতাদের পুনর্বাসনের প্রতিযোগিতায়

ছবির ক্যাপশন:

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে পর্দার আড়ালে পছন্দের ব্যক্তিদের নেতা বানানোর প্রতিযোগিতা চলতে থাকলে দেবিদ্বার উপজেলা বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল নেতাকর্মীরা। এর মাঝেই দেবিদ্বার উপজেলাধীন ৪নং সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার কিছু সময় অতিবাহিত না হতেই স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নিয়েছেন ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ও তরুণ যুবনেতা সোহেল নেয়ামত সরকার।

​সুবিল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের আশা ছিল, সোহেল নেয়ামত সরকার বিএনপির গুরুত্বপূর্ণ কোনো পদে থাকবেন কিংবা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাবেন। কারণ, জনপ্রিয় এই নেতা জনগণের ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে রয়েছে তাঁর নিবিড় ও সুসম্পর্ক। কেন্দ্রীয় নেতৃবৃন্দেরও স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, জনসাধারণের সঙ্গে যাঁদের সুসম্পর্ক রয়েছে, তাঁদের যেন গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, দেবিদ্বার উপজেলা কমিটি কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে নিজেদের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। তৃণমূলের মতে, এই ধরনের মনগড়া সিদ্ধান্ত দল ও সাধারণ মানুষের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে ভবিষ্যতে নির্বাচনে বিএনপির বড় ধরনের ভরাডুবির শঙ্কা রয়েছে।

​গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দেবিদ্বার উপজেলা বিএনপি শাখা সুবিল ইউনিয়নের ৩১ সদস্যবিশিষ্ট নতুন এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। অনুমোদিত কমিটিতে অধ্যাপক মো. কামাল হোসেনকে আহ্বায়ক এবং মো. আতিকুর রহমান হিরনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয় মো. গোলাম মোস্তফা, গোলাম রাব্বানী, সোহেল নেয়ামত সরকার, মো. জহিরুল ইসলাম সরকার, মো. আ. জলিল ও ডা. রিপনকে। আর সদস্য সচিবের দায়িত্ব পান মো. হানিফ ভুঁইয়া।

​এদিকে কমিটি ঘোষণার পরপরই মঙ্গলবার রাতে সুবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন সোহেল নেয়ামত সরকার। তিনি স্পষ্ট করে জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করেন এবং মূল দলের সঙ্গে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। তাই তিনি এই পদ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।

​তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন, দেবিদ্বার উপজেলায় যাঁর দীর্ঘ রাজনৈতিক অবদান রয়েছে এবং যিনি দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে সক্রিয়, তাঁকে না জানিয়ে বা যথাযথ মূল্যায়ন না করে কীভাবে যুবদলের দায়িত্বে থাকা অবস্থায় ইউনিয়ন কমিটিতে পদ দেওয়া হলো? রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ন না থাকায় উপজেলা কমিটির কাছে এর জবাব চেয়েছেন ক্ষুব্ধ সাধারণ জনগণ ও কর্মীরা।

​উল্লেখ্য, সোহেল নেয়ামত সরকার বর্তমানে দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি এবং ৪নং সুবিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

​এদিকে, তাৎক্ষণিকভাবে সোহেল নেয়ামত সরকার পদ থেকে অব্যাহতি নেওয়ায় এবং যুবদলের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকা সত্ত্বেও তাঁকে কীভাবে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ দেওয়া হলো—এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত কোনো নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ