কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলের দুঃসময়ে কুমিল্লা বিভাগে সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের অধিকার, মর্যাদা ও বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের আন্দোলন-সংগ্রামেও দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবিতে রাজপথের কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে শিক্ষক সমাজে তাঁর পরিচিতি রয়েছে।
সেলিম ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার খবরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে অনেকে আশা প্রকাশ করেছেন, শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে তিনি ভূমিকা রাখবেন।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় হোমনা-তিতাসের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তাঁর নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকার শিক্ষক-কর্মচারীরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
হোমনা প্রতিনিধি