কুমিল্লার হোমনায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মহাসপ্তমী উপলক্ষে উপজেলার চান্দেরচর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের একটি পূজামণ্ডপে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া এমপি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এ দেশ আমাদের সবার, এখানে সবার সমান অধিকার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, আমার দলের হোক কিংবা দলের বাইরের যে কেউ অপরাধ করলে আমাকে জানাবেন। অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ৫০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা উপলক্ষে সংসদ সদস্যের পক্ষ থেকে মণ্ডপগুলোতে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি, লুঙ্গি ও চাল বিতরণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে কমিটিও গঠন করা হয়েছে।
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি মো. জাকির হাসান (জাকি), সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, চান্দেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈকত আলী মোল্লা, যুবদলের সাবেক সভাপতি কাউসার মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইসরাফিল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান সরকারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোঃ জয়নাল সরকার, হোমনা