কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির উঠানে হাঁটতে গিয়ে সাপের কামড়ে মাহমুদা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১৭ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত মাহমুদা উপজেলার ধান্যদৌল কেন্দ্রীয় মসজিদের পূর্বপাশের বাসিন্দা ফিরুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় ধান্যদৌল আবদুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির উঠানে হাঁটার সময় মাহমুদার ডান পায়ে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান। তবে রাত ২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা আবারও তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে রাত ২টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহমুদার চাচি জানান, বাড়ির উঠানে হাঁটার সময় তার ডান পায়ে সাপে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠান। রাতে অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মো. জান্নাতুন নাঈম (নাঈম আবদুল্লাহ) জানান, সাপে কামড় দেওয়ার পর পরিবারের সদস্যরা মাহমুদাকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ দেখা দিলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে রাত ২টা ৩০ মিনিটে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসার সময় সে মারা গিয়েছিল।
শনিবার বাদ জোহর ধান্যদৌল কেন্দ্রীয় মসজিদ মাঠে মাহমুদার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১৩ বছরের কিশোরী মাহমুদার এমন অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া