কুমিল্লা নগরীতে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে পাকানোর দায়ে একটি কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার বিকেলে নগরীর স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা রাসায়নিক ব্যবহার করে পাকানোর প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনসমক্ষে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।
এ সময় এলাকার মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
সোমবার বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিনসহ কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
ভোক্তার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নেকবর হোসেন