ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির শিক্ষার্থীরা ১০ম গ্রেড বাস্তবায়নে কালক্ষেপণ ও বি.এস.সি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার সকালে কুমিল্লা সার্ভে ইনস্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গণে কয়েক শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবি সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের দেরি এবং বি.এস.সি ইঞ্জিনিয়ারদের কথিত ৩ দফা দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন,
“বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তারা আমাদের ১০ম গ্রেড ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা আগে থেকেই আন্দোলন করছি, কিন্তু এখনো কোনো সঠিক ফলাফল পাইনি।”
শিক্ষার্থী অহিদুর রহমানের ভাষায়,
“বিগত দিনে বিএসসি ইঞ্জিনিয়াররা সরাসরি ৯ম গ্রেডে নিয়োগ পেতেন। আমরা পাই ১০ম গ্রেডে। এখন তারা ডিপ্লোমা সেক্টরকে ধ্বংসের চেষ্টা করছে। আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো।”
আরেক শিক্ষার্থী ইমরান মাহমুদ বলেন,
“সার্ভেয়ারদের ১০ম গ্রেড পাওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত বাস্তবায়ন করা হোক। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানাই।”
শিক্ষার্থীদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের বিলম্বের কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি, অবকাঠামো উন্নয়ন, সড়ক-সেতু নির্মাণ, ভূমি জরিপসহ প্রকৌশল ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম হলেও পদোন্নতি কাঠামোয় বৈষম্য করা হচ্ছে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,
“দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলন শুরু হবে। এতে শিক্ষা কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পও স্থবির হয়ে পড়বে।”
কুমিল্লা গেজেট