কুমিল্লা | বঙ্গাব্দ

তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না: ড. মোবারক

  • প্রকাশের তারিখ : 16-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

ফাহিম মুনতাছিম।।
কুমিল্লা-৫ আসনের (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন বলেছেন, “তরুণদের দেওয়া রক্তের বিচার না করে আমরা নির্বাচন চাই না।”

শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এসএসসি পরীক্ষায় এ-প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কেউ কেউ নির্বাচনের জন্য অনেক বেশি পাগল হয়ে যাচ্ছে। আমরাও চাই নির্বাচন হোক, একটি গণতান্ত্রিক সরকার আসুক—এতে আমাদের দ্বিমত নেই। কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম যেভাবে রক্ত দিয়েছে, সেই রক্তের বিচার না করেই যদি আমরা নতুন সরকারে চলে যাই তবে এই বিচার কখনো সম্পূর্ণ হবে না।”

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে ড. মোবারক হোসাইন বলেন, “আঠারো কোটি মানুষ ভাবছে প্রশাসন এখনও দেশের সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। তাদের দ্বারা যদি নির্বাচন হয়, তা কতটা সুষ্ঠু হবে—এ নিয়ে জনগণের শঙ্কা রয়েছে।”

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সাবেক ডিসি ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এনায়েত উল্লাহ ইউসুফজী, শিবিরের কুমিল্লা উত্তর জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল, সাবেক জেলা সভাপতি ইব্রাহীম খলিল, ছাত্রনেতা আফনাম মুজাহিদ, ওমর সানী, আব্দুল্লাহ আল জুবায়ের, বোরহান, ফখরুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা শিবিরের পক্ষ থেকে মোট ১৮০ জন এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী প্রদান করেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ