কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, করবেন যেভাবে
সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, করবেন যেভাবে
0:00
0:00

সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, করবেন যেভাবে

কুমিল্লা গ্যাজেট ডেস্ক প্রকাশ: ২:০০ দুপুর | ২৬ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, করবেন যেভাবে
শেয়ার

ঢাকার বিভিন্ন এলাকায় খালি থাকা সরকারি বাসা ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে সরকারি আবাসন পরিদপ্তর। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

গত ১৯ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড ও মূল বেতনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দের যোগ্যতা ও শর্ত উল্লেখ করা হয়েছে।

পরিচালক মো. জহিরুল ইসলাম খানের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের www.bashaonline.com ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

কোন গ্রেডের কর্মকর্তারা যে বাসার জন্য আবেদন করতে পারবেন

বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাঁদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা, তাঁরা এফ-শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। আজিমপুর, ইস্কাটন, ধানমণ্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনে এ শ্রেণির বাসা রয়েছে।

আরও পড়ুনকুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন

ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাঁদের মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা, তাঁরা ই-শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায় এসব বাসা রয়েছে। তবে দশম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ই-শ্রেণির ন্যূনতম প্রাপ্যতার ওপর ভাড়া কর্তনের শর্তে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

অন্যদিকে সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তারা ডি-১ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন হতে হবে ২২ হাজার টাকা। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।

অস্থায়ী বাসা বরাদ্দের সুযোগ

বিজ্ঞপ্তিতে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দের বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তারা পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলে বিভিন্ন আকারের বাসার জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউজ রোড এলাকায় পূর্ণ ভাড়ায় বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। নির্ধারিত ভাড়ায় নিউ সার্কিট হাউজ, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম, পুরোনো সার্কিট হাউজ ও বেইলি স্কয়ার এলাকাতেও অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধা রাখা হয়েছে।

পরিত্যক্ত বাসার জন্য কারা আবেদন করতে পারবেন

আরও পড়ুনকুমিল্লায় ভু'য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

পরিত্যক্ত শ্রেণির এফ, ডি ও বি শ্রেণির বাসাও বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকায় বি-শ্রেণির একটি ফ্ল্যাট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, ডি শ্রেণির জন্য দশম থেকে দ্বাদশ গ্রেডের কর্মকর্তা এবং বি শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীরা আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। কেউ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট তথ্যের প্রমাণক সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ কিংবা যথাযথ প্রমাণক ছাড়া জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না। একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন।

বরাদ্দ পাওয়ার পর ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখ করা নির্ধারিত সময়ের মধ্যে বাসার দখল নিতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিল হতে পারে। আগে হার্ডকপি বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যাঁরা বাসা বরাদ্দ পাননি, তাঁরাও এবার অনলাইনে আবেদন করতে পারবেন। তবে বরাদ্দপত্র গ্রহণের সময় গ্রেডগত যোগ্যতার প্রমাণক জমা দেওয়া বাধ্যতামূলক।

পরিদপ্তর জানিয়েছে, প্রতিটি বিজ্ঞপ্তির কার্যক্রম শেষে পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগপর্যন্ত অনলাইনে আবেদনকারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে একটি অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে। কোনো কর্মকর্তা বরাদ্দ পাওয়া বাসার দখল গ্রহণ না করলে অথবা পরবর্তী বিজ্ঞপ্তিতে নতুন বাসা বরাদ্দ পেয়ে আগের বাসাটি ছেড়ে দেওয়ার কথা জানালে অপেক্ষমাণ তালিকা থেকে অন্য আবেদনকারীকে বাসাটি বরাদ্দ দেওয়া হবে।

তবে কোনো কর্মকর্তা বা কর্মচারী পরপর দুবার বাসা বরাদ্দ পাওয়ার পরও দখল গ্রহণ না করলে পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে বাসার জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে, আগের বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের সুপারিশ পাওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ের মধ্যে দখল গ্রহণ না করলে বরাদ্দ বাতিল হতে পারে।

আবেদনের শেষ সময় ও যোগাযোগ

আগ্রহী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে www.bashaonline.com ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

বাসা বরাদ্দসংক্রান্ত তথ্য ও আবেদনের বিষয়ে প্রয়োজনে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের নম্বর ০১৩০৪২৪০৩২১ ও ০১৭১০০৬৮১৩৮।

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪