কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ
ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ
0:00
0:00

ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ

ডেস্ক নিউজ প্রকাশ: ১২:১২ রাত | ১৪ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ
শেয়ার

ইরানের প্রায় ৪৪১ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান ও পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা। দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার না থাকায় ইউরেনিয়ামের মজুত কোথায় রয়েছে এবং কী অবস্থায় আছে, তা যাচাই করা সম্ভব হচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) ভিয়েনায় প্রকাশিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১৩ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রয়োজনীয় পরিদর্শন করতে না পারায় সংস্থাটি দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান মজুত সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারছে না।

তবে ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়ামের হিসাবটি বর্তমান মজুতের পরিমাণ নয়। ২০২৫ সালের ১৩ জুন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আইএইএর সর্বশেষ হিসাব ছিল এটি। ওই ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল, যা অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ মাত্রার কাছাকাছি। হামলার পর এর কতটুকু অক্ষত রয়েছে বা কোথায় সরিয়ে নেওয়া হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

আইএইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি প্রতিবেদনে বলেন, ইরানের আগে ঘোষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে ধারাবাহিক তথ্য হারানোর পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কর্মসূচি থেকে অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্যও সংস্থাটির হাতে নেই।

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ে। পরবর্তী সময়েও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিদর্শন কার্যক্রম স্বাভাবিক হয়নি। ফলে ইউরেনিয়ামের মজুত, পারমাণবিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট সরঞ্জামের বর্তমান অবস্থা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনকুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগও এখনো কার্যকর আলোচনায় রূপ নেয়নি।

গ্রোসি ইরানকে ধাপে ধাপে পরিদর্শন কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, কারিগরি ও পর্যায়ক্রমিক পদক্ষেপের মাধ্যমে আইএইএর পরিদর্শকদের ফিরিয়ে আনা সম্ভব। এতে স্বাভাবিক নজরদারি ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি বৃহত্তর সমঝোতার জন্য আস্থার পরিবেশ তৈরি হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার এবং প্রয়োজনে অন্যত্র স্থানান্তরের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।

ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। তবে আইএইএর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শনের সুযোগ না থাকায় দেশটির পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইরানও দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: রয়টার্স,

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪