কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্তে ১ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ৪ জনের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
রবিবার (২৬ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তারা জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। পরে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সালদানদী বিওপির নিয়মিত টহলরত বিজিবি সদস্যরা শূন্য লাইনের নিকট তাদের শনাক্ত করেন।
পরিস্থিতি মূল্যায়নের পর বিজিবির টহল দল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।”
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া