কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ ও সার বিতরণ

  • প্রকাশের তারিখ : 14-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজি, সরিষা, মসুর ও সূর্যমুখী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এবং পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে উপজেলার ২৫০ জন কৃষককে সরিষা, মসুর ও সূর্যমুখী ফসলের বীজ ও সার এবং ১৯৫ জন কৃষককে হাইব্রিড জাতের বিভিন্ন আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, “কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে তারা চাষাবাদে উৎসাহিত হয়। পাশাপাশি কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে ফসল উৎপাদনে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ