নেকবর হোসেন।।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত বাজির বাজারমূল্য প্রায় এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান এর উপস্থিতিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স দল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।
এ সময় চার লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বাজিগুলোর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত বাজি শুল্ক গুদামে হস্তান্তর করা হবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা গেজেট