কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

  • প্রকাশের তারিখ : 28-সেপ্টেম্বর-2025 ইং
কুমিল্লায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক ছবির ক্যাপশন: কুমিল্লায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া-আসার ঘটনায় তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন— যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম ও সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোড়লের মেয়ে সালমা খাতুন।

আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমানের দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার বিকেলে সীমান্তের ২১১১/৬নং পিলারের কাছে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বিজিবির টহল দল তিন নারীকে আটক করে। তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে ব্যর্থ হন। তদন্তে জানা যায়, গত ১২ সেপ্টেম্বরও তারা একইভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয় এবং রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, “সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন নারীকে আটক করা হয়েছে। মামলার পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, “আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ