কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে দায়িত্বে থাকার সময় ক্লান্ত হয়ে বসায় ৬০ বছরের এক বৃদ্ধ পাহারাদারকে বেদম মারধর করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত পাহারাদারের নাম মো. দুলা মিয়া (৬০)। তিনি উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে বাজার পাহারার কাজ করে আসছেন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, রাত আড়াইটার দিকে পাহারার মাঝে কিছুক্ষণ বিশ্রামের জন্য রাস্তার মোড়ে বসেন দুলা মিয়া। এ সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঠের দণ্ড দিয়ে এলোপাতাড়ি পেটান। এতে তাঁর পিঠ ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
আহতের ছেলে গিয়াসউদ্দিন বলেন, “আমার বাবা প্রতিদিনের মতো বাজার পাহারা দিতে গিয়েছিলেন। কিন্তু বিনা কারণে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, “পাহারাদার দায়িত্বে অবহেলা করছিলেন, মোবাইল চালাচ্ছিলেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে মারধরের ঘটনা ঘটে। বাজার কমিটির বৈঠকে বিষয়টি মীমাংসা করা হবে।”
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সাধারণ মানুষ বলছেন, শ্রমজীবী একজন বৃদ্ধ পাহারাদারকে এভাবে মারধর করা মানবিকতার পরিপন্থী। তাঁরা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুমিল্লা গেজেট