গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।
ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবনবিধান। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক সম্পর্ক—প্রতিটি ক্ষেত্রে এর শিক্ষা এমনভাবে সাজানো হয়েছে, যা মানুষের সম্মান, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে। এর অন্যতম একটি দিক হলো গোপনীয়তা রক্ষা।
ব্যক্তিগত নিরাপত্তা ও সতর্কতাঃ
নিজের ব্যক্তিগত তথ্য অকারণে অন্যের কাছে প্রকাশ করা ইসলামে বুদ্ধিমানের কাজ হিসেবে বিবেচিত নয়। ইতিহাসে দেখা যায়, হযরত ইয়াকুব (আ.) তাঁর পুত্র ইউসুফ (আ.)-কে ষড়যন্ত্র থেকে রক্ষা করতে স্বপ্নের কথা ভাইদের কাছে প্রকাশ না করতে উপদেশ দিয়েছিলেন (সুরা ইউসুফ, আয়াত: ৫)।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন— "তোমরা তোমাদের প্রয়োজন পূরণে সফলতা অর্জনের জন্য তা গোপন রেখে (আল্লাহর নিকট) সাহায্য প্রার্থনা করো। কারণ প্রত্যেক নিয়ামতপ্রাপ্ত হিংসিত হয়।" (তাবারানি, হাদিস: ১৬৬০৯)
স্বপ্ন ও মানসিক সুস্থতাঃ
খারাপ বা ভীতিপ্রদ স্বপ্ন দেখলে তা অন্যের কাছে প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন নবী করিম (সা.)। বরং তিনি বলেছেন— নামাজ পড়তে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং পার্শ্ব পরিবর্তন করে ঘুমাতে (মুসলিম, হাদিস: ২২৬৩)।
পারিবারিক সম্পর্কের গোপনীয়তাঃ
দাম্পত্য জীবনের সম্পর্ক, বিবাদ বা ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করাকে ইসলামে গুরুতর অপরাধ বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন— "কিয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্টতম ব্যক্তি সে, যে স্বামীর সাথে স্ত্রীর মিলনের কথা প্রকাশ করে।" (মুসলিম, হাদিস: ৩৪৩৪)
অন্যের কথার আমানতঃ
কেউ বিশ্বাসের সাথে কিছু বললে তা ফাঁস করা ইসলামে হারাম। এটি সম্পদের মতোই একটি আমানত। তবে যদি সেই তথ্য অন্য কারও বড় ক্ষতি করতে পারে, তাহলে সমাজের কল্যাণের জন্য তা কর্তৃপক্ষকে জানানো যেতে পারে (আবু দাউদ, হাদিস: ৪৮৬৮)।
সামাজিক সৌহার্দ্য বজায় রাখাঃ
অন্যের দোষ প্রকাশ না করে গোপন রাখা একজন মানুষকে সংশোধনের সুযোগ দেয়। নবী করিম (সা.) বলেছেন— "যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুসলিমের দোষ গোপন করে, আল্লাহ তার দোষত্রুটি দুনিয়া ও আখিরাতে গোপন করবেন।" (মুসলিম, হাদিস: ৭০২৮)
গোপনে দান-সদকার মহিমাঃ
কুরআনে দান-সদকা গোপনে করার পরামর্শ এসেছে— "যদি তোমরা গোপনে দান করো, তবে তা তোমাদের জন্য উত্তম।" (সুরা বাকারাহ, আয়াত: ২৭১)
রাসুলুল্লাহ (সা.) বর্ণনা করেছেন, গোপনে দানকারী সেই সৌভাগ্যবানদের একজন, যারা কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে (বুখারি, হাদিস: ১৪২৩)।
ইসলামের এই নীতিগুলো শুধু ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত করে না, বরং সমাজে আস্থা, ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, পরিকল্পনা প্রকাশে সতর্কতা, পারিবারিক গোপনীয়তা সংরক্ষণ, অন্যের কথার আমানত রক্ষা এবং গোপনে দান করা—এসবের চর্চা আমাদের সমাজকে আরও সুন্দর, নিরাপদ ও আলোকিত করে তুলতে পারে।
কুমিল্লা গেজেট