তনু হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই। বুধবার বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লা সদর আদালত-১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক। তনুর ভাই রুবেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তারা কুমিল্লা আদালতে অবস্থান করছেন। তনু হত্যাকাণ্ডের দশ বছর পর এটিই প্রথম গ্রেপ্তারের ঘটনা।
তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তনুর মা বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা সাতদিনের রিমান্ড আবেদন করি, আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো ম্যাচিং করা হয়নি।
অফিস রিপোর্টার