কুমিল্লা | বঙ্গাব্দ

কালবৈশাখীর তা'ণ্ড'বে বরুড়ায় ঘরবাড়ি বি'ধ্ব'স্ত, ফসলের ব্যাপক ক্ষ'তি

  • প্রকাশের তারিখ : 27-এপ্রিল-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বরুড়া উপজেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটেছে। গতকাল সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে উপজেলার আদ্রা ইউনিয়নের পেরপেটি গ্রামসহ আশপাশের এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সময় প্রবল বাতাসে বড় বড় গাছ উপড়ে বসতবাড়ির ওপর পড়ে। এতে অনেক ঘরের টিনের চাল উড়ে যায়, কোথাও চাল দ্বিখণ্ডিত হয়ে ঘর প্রায় মাটির সঙ্গে মিশে গেছে।

পেরপেটি গ্রামের এক ভুক্তভোগী বলেন, “হঠাৎ ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে চাল দুই ভাগ হয়ে গেছে। এখন থাকার মতো কোনো অবস্থা নেই। আমরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি।”

এদিকে ঝড় ও বৃষ্টিতে মাঠের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ কৃষকের আবাদি ফসল বাতাসে নুয়ে পড়ে মাটির সঙ্গে মিশে গেছে। এতে কৃষকদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা বলেন, “আমাদের আয়ের একমাত্র উৎস কৃষি। সারা বছর কষ্ট করে ফসল ফলাই, কিন্তু এক ঝড়ে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে চলাই কঠিন হবে। আমরা সরকারের কাছে জরুরি সহায়তা চাই।”

ঝড়ের তীব্রতায় বরুড়ার বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চালক ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দাদের নিজ উদ্যোগে কুঠার ও করাত দিয়ে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করতে দেখা গেছে।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘরের চাল উড়ে যাওয়া, গাছপালা ভেঙে পড়া এবং দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে। অনেক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সচেতন মহলের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা না হলে প্রান্তিক মানুষ বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ