কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৩৪ হাজার ৫২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে মালিকবিহীন ভারতীয় স্কিন সাইন ক্রিম, বাজি, গরু, অডোমস ক্রিম, তাস, বাসমতি চাল, ডাবর আমলা তেল, ভ্যাসলিন, অলিভ অয়েল, জর্জেট শাড়ি, জনসন বেবি অয়েল, ইয়াবা, কফ সিরাপ, বিয়ার, গাঁজা, মদ, ফেনসিডিল, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৪ হাজার ৫২০ টাকা।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা—‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয়।
এদিকে সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া