কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে ‘১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭’-এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা অংশ নেন।এছাড়াও পুরস্কৃত হন প্রথম ২০জন প্রতিযোগী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনে এ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬তম রসায়ন অলিম্পিয়াডের কুমিল্লা অঞ্চলের প্রাথমিক পর্বের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দীন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, ‘আজকের এই অলিম্পিয়াড কেবল প্রথম ২০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করার মধ্যে সীমাবদ্ধ নয়; এর পরিধি ও উদ্দেশ্য আরও ব্যাপক। রসায়নকে জনপ্রিয় করা, রসায়নের ব্যবহার সম্পর্কে সবাইকে ধারণা দেওয়া এবং রসায়নের ব্যাপ্তি সারা দেশে ও বিশ্বে ছড়িয়ে দেওয়াই এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘আজ যারা পরীক্ষা দিয়েছে, সবাই ভালো করেছে। কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে। কুমিল্লা শিক্ষা, সাহিত্য ও ঐতিহ্যের একটি শহর। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে তুলনা করলে এ অঞ্চলে শিক্ষার হার এবং মেধাবী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি।’
কুবি প্রতিনিধি