কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাঁর মোবাইল ফোনে সিআইডির লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্রের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সিআইডি লেখা পোশাক পরা একটি ছবি পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর কুমিল্লার শাসনগাছা এলাকায় ট্রাফিক পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়।
এ সময় চালক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ না থাকায় কর্তব্যরত সার্জেন্ট সেটি ডাম্পিংয়ে পাঠান।
পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। এ সময় তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে জানায়।
পরে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তাঁর পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে তিনি সিআইডির কর্মকর্তা নন বলে নিশ্চিত হয় পুলিশ। তাঁর মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা পোশাক পরা একটি ছবিও পাওয়া যায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া নাম-পরিচয় ও পদবি ব্যবহার করে সিআইডির নাম ভাঙিয়ে প্রতারণার কথা স্বীকার করেছেন।
এ ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ঠেকাতে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি