কুমিল্লা | বঙ্গাব্দ

ভিক্টোরিয়া কলেজের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সচিত্র সংবাদ সম্মেলন

  • প্রকাশের তারিখ : 20-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

ভিক্টোরিয়া সরকারি কলেজের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির প্রতিবাদে সচিত্র সংবাদ সম্মেলন করেছেন মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক আবু সুফিয়ান। রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে আবু সুফিয়ান বলেন, “আমি একজন শিক্ষার্থী ও পেশাগতভাবে সাংবাদিক। সাম্প্রতিক সময়ে একটি দুর্নীতিবাজ চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এ বিষয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি চাই।”

তিনি আরও জানান, ভিক্টোরিয়া কলেজের আর্থিক স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন তোলার পরও কলেজ প্রশাসন কোন জবাব দিচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, “কলেজ ফান্ডে ১২ কোটির বেশি টাকা থাকার পরও শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। ক্যাম্পাসে নেই পর্যাপ্ত আলো, নেই কার্যকর সিসিটিভি ক্যামেরা। বৃষ্টির পরে নজরুল হলে তিন দিন পানি জমে থাকে। কলেজে থাকা মোটর ব্যবহার হচ্ছে না শিক্ষার্থীদের জন্য।”

তিনি বলেন, “আমি সরকারি অর্থ ব্যয়ের খাতভিত্তিক হিসাব চাই। আমি অপরাধী হলে বিচার করুন, কিন্তু কর্মহীন করে দিয়ে আমার স্ত্রী-সন্তানকে বিপদে ফেলবেন কেনো?”

শিক্ষকদের উদ্দেশে সুফিয়ান বলেন, “আমি আপনাদের সন্তান। ভুল করলে শাসন করুন, কিন্তু মিথ্যাচার করবেন না। যিনি আমাকে বহিরাগত বলেছেন, তার বিচার চাই। যিনি বলেছেন আমি সাংবাদিক না, প্রমাণ দিতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক, ইসলামী ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, জুলাই যোদ্ধা তামিম হোসেন এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা মো. আরিফুল হোসাইন।

তারা জানান, সোমবার থেকে কলেজে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর সংগ্রহ এবং জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হবে। মঙ্গলবারের মধ্যে অধ্যক্ষ পদত্যাগ না করলে ঢাকায় সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ