কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান

  • প্রকাশের তারিখ : 17-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. ইব্রাহিম, দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী পূর্বপাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে শুরু হয় সরকারি খাল পুনরুদ্ধার ও পরিষ্কার কার্যক্রম, যা এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ হাসনাত খানের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান। খালটি পুনরুদ্ধার ও পরিষ্কারে অংশ নেন বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন, পৌর প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রায় ২৫’শ মিটার দীর্ঘ খালটি পরিষ্কারের মধ্য দিয়ে ২নং ওয়ার্ডের পূর্বপাড়ার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই খালটির বয়স প্রায় ৮০ বছর, একসময় যেখানে নৌকা চলাচল করত, এখন সেখানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দখল, ময়লা-আবর্জনা জমে খালটি কার্যত বিলুপ্ত হয়ে গিয়েছিল।

স্থানীয়রা জানান, খালের দুই পাড় দখল করে কেউ বাড়ি নির্মাণ করেছে, কেউ আবার বাউন্ডারি দিয়ে জায়গা বেঁধে নিয়েছে। ফলে পানি চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং রাস্তাঘাট তলিয়ে গিয়ে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও মসজিদগামী মুসল্লিদের চলাচল ছিল চরম কষ্টকর।

জানা যায়, বর্তমানে খালটি ১৫-২০ ফুট প্রশস্ত করে গোমতী বেড়িবাঁধ হয়ে মরিচাকান্দা খালের সঙ্গে সংযুক্ত করা হবে। এর মাধ্যমে শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, বর্ষা মৌসুমেও পানি নিষ্কাশনের একটি টেকসই পথ নিশ্চিত করা যাবে।

সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, “দখলদারদের উচ্ছেদ ও খাল পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে। জলাবদ্ধতা নিরসনে একের পর এক খালগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।”

এদিকে খাল পুনরুদ্ধারে প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ