কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রকৌশল অনুষদের আয়োজনে এবং সিএসই সোসাইটির সার্বিক সহযোগিতায় দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব ‘সিওইউ টেকনোভা ২০২৬’ সম্পন্ন হয়েছে।
২৩ নভেম্বর (সোমবার) শুরু হওয়া এ প্রযুক্তি উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ২৪ নভেম্বর (মঙ্গলবার) সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবটির সমাপ্তি হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং আইটি প্যালেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল আমিন মোল্লাসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজনের অংশ হিসেবে ২৪ নভেম্বর দিনব্যাপী ন্যাশনাল এআই হ্যাকাথন, ই-ফুটবল অনসাইট টুর্নামেন্ট, এআই ও প্রযুক্তিবিষয়ক সেমিনার, প্রজেক্ট শোকেস। ন্যাশনাল এআই হ্যাকাথনে দেশব্যাপী ১১০টির বেশি দল নিবন্ধন করে। এর মধ্যে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৪৫টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। অন্যদিকে, ই-ফুটবল প্রতিযোগিতায় দেশব্যাপী ১২৮টি দল অংশ নেয়। বাছাইপর্ব পেরিয়ে আটটি দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনসাইট পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।
ন্যাশনাল এআই হ্যাকাথনে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘DU_Synapse’। দ্বিতীয় স্থান অর্জন করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) দল ‘Apel’ এবং তৃতীয় স্থান অর্জন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দল ‘Rewoo’।
প্রজেক্ট শোকেজে প্রথম স্থান অর্জন করেন শেখ তরিকুল ইসলাম। তাঁর প্রকল্পের নাম ‘IoT-Based Real-Time Water Quality Monitoring System for Smart Aquaculture’। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে ‘AinShohay’ ও ‘TRACE’ প্রকল্প। প্রকল্প দুটির উদ্ভাবক যথাক্রমে সাখাওয়াত হোসেন ও সাউদা হক শোইলি এবং মেহেদী হাসান চৌধুরী ও আব্দুল্লাহ আল মাহমুদ ইমন। তৃতীয় স্থান অর্জন করে ‘Coral Sentinel’ প্রকল্প। এর উদ্ভাবক মো. খায়রুল হাসান, খাদিজাতুল মুসাব্বিয়া ও মো. ইব্রাহিম হোসেন।
ই-ফুটবল অনসাইট টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেন রিয়াদ মাহমুদ, দ্বিতীয় হন নাসিরুল আলম দিপু এবং তৃতীয় স্থান অর্জন করেন ঐশিক রহমান দীপু।
সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. এম. এম. শরীফুল করিম বলেন, প্রযুক্তির নেতিবাচক ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এড়িয়ে এর ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে। বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে, চর্চা করতে এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে। তিনি আরও জানান, প্রকৌশল অনুষদে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স এবং রোবোটিক্স ও মেকাট্রনিক্স বিষয়ে নতুন বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাবে বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। যারা বিজয়ী হয়েছে, তাদের জন্য এটি আনন্দের বিষয়। তবে যারা বিজয়ী হতে পারেনি, তাদেরও হতাশ না হয়ে ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মনোবল ধরে রাখতে হবে। এ ধরনের আয়োজনের জন্য সিএসই ও আইসিটি বিভাগের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ধারণাগুলো বিকশিত করে কর্মক্ষেত্র, বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে কাজে লাগাবেন বলে প্রত্যাশা করি।
কুবি প্রতিনিধি