কুমিল্লা | বঙ্গাব্দ
ad728
মা'দকবিরোধী বক্তব্য দেওয়ায় চৌদ্দগ্রামে প্যানেল চেয়ারম্যানের ওপর হা'মলা!
মা'দকবিরোধী বক্তব্য দেওয়ায় চৌদ্দগ্রামে প্যানেল চেয়ারম্যানের ...
0:00
0:00

মা'দকবিরোধী বক্তব্য দেওয়ায় চৌদ্দগ্রামে প্যানেল চেয়ারম্যানের ওপর হা'মলা!

ছবির ক্যাপশন:

কুমিল্লার চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকবিরোধী বক্তব্যের জেরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ আলমের উপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

স্থানীয় সূত্র ও প্যানেল চেয়ারম্যান শাহ আলমের অভিযোগ সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান মো: শাহ আলম দীর্ঘদিন ধরে শ্রীপুর ইউনিয়নের পাড়ুয়ারা গ্রামের ইদ্রিস মিয়া ও যশপুর গ্রামের কাদের মিয়ার মাদক ব্যবসার বিরোধীতা করে আসছিলেন। এতে ক্ষিপ্র হয়ে তারা শাহ আলমের যে কোনো ধরনের ক্ষতি সাধনের পাঁয়তারা করতে থাকে। মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইনসহ বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যানদের উপস্থিতে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্যানেল চেয়ারম্যান শাহ আলম তাঁর বক্তব্যে রাজনৈতিক ছত্রছায়ায় ইদ্রিস মিয়ার মাদক ব্যবসার চিত্র তুলে ধরেন। মাদক ব্যবসায়ী ইদ্রিস মিয়া ও আবদুল কাদের তাৎক্ষণিক বিষয়টি  অবগত হয়ে পরিকল্পিতভাবে উপজেলাস্থ মডেল মসজিদের সামনে অবস্থান করে। বিকেল সাড়ে তিনটায় শাহ আলম মোটর সাইকেল যোগে উপজেলা থেকে বের হওয়ার সময় তারা গতিরোধ করে প্রকাশ্যে টানাহেঁচড়া ও অশ্লীল গালাগাল শুরু করে। নিষেধ করলে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মেরে শাহ আলমের হাতে পায়ে, বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এক পর্যায়ে ইদ্রিস মিয়া শাহ আলমের গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং পরনের পোশাক ছিঁড়ে ফেলে। এসময় হামলাকারীরা শাহ আলমকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, 'তোর খবর আছে। সুযোগ মত পাইলে তোকে প্রাণে মেরে লাশ গুম করা হবে, তোর হাত পা কেটে চিরতরে পঙ্গু করে দিব।' এরপর আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, পাড়ুয়ারা পূর্ব পাড়ার ইদ্রিস মিয়া রাজনৈতিক দল পাল্টে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। 

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলম বাদি হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলমের উপর হামলার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে বলা হয়েছে। কঠোর পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।'

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ