বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তিনি শিক্ষার্থীদের বৈষম্যহীন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের আওতায় ইনডোর স্টেডিয়ামের কাজ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের ২০টি এবং মেয়েদের ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনের পর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে আগামী ২৯ নভেম্বর থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বেরোবি প্রতিনিধি