কুমিল্লার হোমনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং ঘাগুটিয়া ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. মকবুল হোসেন আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর গণসংযোগ যাত্রা শুরু হয়। এ সময় শতাধিক অটোগাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে সমর্থকরা প্রচারণায় অংশ নেন। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সড়কের দুই পাশে দাঁড়িয়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ তাঁকে অভিবাদন জানান।
পরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সমর্থকদের বলতে শোনা যায়, আমাদের ভালোবাসার প্রাণপুরুষ মরহুম আঃ মতিন চেয়ারম্যানের যোগ্য সন্তানকে আমরা বিজয়ী করব।
মো. মকবুল হোসেন হোমনার সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মরহুম আবদুল মতিনের ছেলে। বাবার রাজনৈতিক ও সামাজিক পরিচিতিকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন।
গণসংযোগকালে মকবুল হোসেন বলেন, আমার বাবার প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষা করে আমার পরিবার সবসময় জনগণের পাশে থেকেছে। মানুষের ভালোবাসা নিয়েই আমরা বেঁচে আছি। এই ভালোবাসার মূল্য আজীবন দিয়ে যাব। আমাদের শক্তির নাম জনতার সমর্থন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সোনার বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে হোমনা-তিতাসের সংসদ সদস্যও কাজ করছেন। সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়নধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সবশেষে দলীয় সমর্থন প্রত্যাশা করে মকবুল হোসেন বলেন, তিনি আশাবাদী, দলের নেতাকর্মী ও তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকেই সমর্থন দেবে।
মোঃ জয়নাল সরকার, হোমনা