কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে ‘স্ট্যাটভার্স-২০২৬’ শীর্ষক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভুঁঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ। আরো উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভুঁঞা বলেন, ‘এত সুন্দর একটি প্রোগ্রামে সকলের সার্বিক অংশগ্রহণ দেখে আমি আনন্দিত।’ বিভাগের শিক্ষক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাত্র তিনজন শিক্ষক পুরো সেশনটি চালাচ্ছে, তাঁরা ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়েছে।
তিনি আরও বলেন, আমি এই মাসে বিদায় নিব। আমি তৃপ্তি সহকারে পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। কেননা, আমি আসার পর ৪ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলো খুব শীঘ্রই সম্পন্ন হবে। শতবর্ষী কলেজের তালিকায় ২৫টি কলেজের মধ্যে ১৩ তম হয়েছে ভিক্টোরিয়া কলেজ। আগামী দুই-তিন বছরে ভিক্টোরিয়া কলেজকে তোমরা অন্য রকমভাবে দেখবে।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করা হয়। শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ভিক্টোরিয়া প্রতিনিধি