কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডা'কা'ত ও মা'দক ব্যবসায়ীসহ আটক ৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডা'কা'ত ও মা'দক ব্যবসায়ীসহ আট...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ডা'কা'ত ও মা'দক ব্যবসায়ীসহ আটক ৬

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ১০ বোতল অবৈধ স্কাফ সিরাপ উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারে জড়িত সন্দেহে তিনজন, ডাকাতি মামলার দুই আসামি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার একজন পলাতক আসামি রয়েছেন। এ সময় ডাকাতি মামলার লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসব বিষয় জানা যায়। এর আগে বুধবার (৪ নভেম্বর) ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) পৃথক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের বাগড়া ঈদগাহসংলগ্ন মোরশেদ মিয়ার বাড়ির উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালান এসআই মো. শামীম হোসেন। এ সময় ৪ কেজি গাঁজাসহ তাসলিমা আক্তার কুলসুম (৪২) ও রোকসানা (৩২) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-বেজুড়া সড়কে অভিযান চালানো হয়। এ সময় উজ্জ্বল মিয়ার গ্যারেজসংলগ্ন বজলু মিয়ার বাড়ির সামনে থেকে ১০ বোতল স্কাফ সিরাপসহ মো. মোরশেদ আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন। তাঁর নেতৃত্বে এসআই মো. মাহতাব হোসাইন ও এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাকাতি মামলার এজাহারভুক্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফারুক প্রকাশ জজ (৩৫) ও হুমায়ুন কবির (২৬) নামে দুজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসআই আল-আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মনির হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ