কুমিল্লা | বঙ্গাব্দ
ফেক পেজ থেকে সাইবার বুলিং, সতর্ক করল কুবি প্রশাসন
ফেক পেজ থেকে সাইবার বুলিং, সতর্ক করল কুবি প্রশাসন
0:00
0:00

ফেক পেজ থেকে সাইবার বুলিং, সতর্ক করল কুবি প্রশাসন

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিবন্ধিত বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ভুয়া ফেসবুক পেজ থেকে সাইবার বুলিং ও অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে প্রক্টর অফিস।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সংগঠনগুলোকে লক্ষ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর পোস্ট দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

এতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিবন্ধিত সংগঠন প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বিভিন্ন ভুয়া পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সংগঠন, শিক্ষার্থী, স্টেকহোল্ডার ও প্রশাসনিক দপ্তরকে নিয়ে মানহানিকর পোস্ট করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন জানানো হয়েছে।’

এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে একটি সতর্কীকরণ বার্তা দিয়েছি, যাতে সবাই সতর্ক হয়ে যায়। আমরা কিছুদিন পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেব।’

বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রক্টর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠনমূলক সমালোচনাকে উৎসাহিত করে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ