কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদক সেবনের অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া চার বস্তা ভারতীয় চাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর মধ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) গাঁজা উদ্ধার ও ভারতীয় চাল জব্দের অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিজিবি সদস্যরা ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী এলাকায় সীমান্তের ২০৫৮ নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইফল রমিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. শাকিল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী সদর উপজেলার দড়িগাজীর গাঁও এলাকার বাসিন্দা।

একই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই মো. তারেক আজিজ ও এএসআই মো. নুর-আল-আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে শশীদল রেলস্টেশনের পশ্চিম পাশে জামাল মার্কেটের সামনে অভিযান চালান। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া চার বস্তা ভারতীয় চাল উদ্ধার করা হয়।

এদিকে, শুক্রবার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে চুরির মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মো. মোস্তফা (৩১) ও আবুল কাশেম (২৫)-কে গ্রেপ্তার করেন। একই দিনে সিআর পরোয়ানাভুক্ত আসামি জান্নাতুল ফেরদাউস এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার হোসেন (৩২)-কেও গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া এসআই মো. জালাল উদ্দিন ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে শাকিল মিয়া (৩০), রবিউল চৌধুরী (২৪), মো. হাসান (৪৭) ও মো. খলিলুর রহমান (৩০)-কে আটক করা হয়। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে গাঁজাসহ একজন, চুরির মামলায় দুজন, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুজন এবং মাদক সেবনের অপরাধে চারজনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ