কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ ঝলম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলী আশরাফ চৌধুরী সুমনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পোমগাঁও বাজার থেকে শুরু হওয়া এ শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
শোডাউনটি পোমগাঁও বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ বাজার, ঝলম, ভাটগাঁও, বচইড়, নরহরিপুর, লাইলোহরি ও যাদবপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, শোডাউনে দুই শতাধিক মোটরসাইকেল ও তিন শতাধিক ইজিবাইক ছিল। বিপুল মানুষের অংশগ্রহণে এটি ইউনিয়নের সাম্প্রতিক সময়ের বড় শোডাউনগুলোর একটি ছিল বলে তারা দাবি করেন।
সমর্থকদের ভাষ্য, নির্বাচনের মাঠে নিজের অবস্থান জানান দেওয়া এবং দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়টি তৃণমূল পর্যায়ে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শোডাউনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
আলী আশরাফ চৌধুরী সুমনের সমর্থকরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার পরিবারের সদস্যরাও দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি বিভিন্ন সময়ে হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলেও তারা দাবি করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সুমন দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। তাদের দাবি, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সালিশ-দরবারে স্বচ্ছতা নিশ্চিত এবং এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
শোডাউন শেষে বক্তব্যে আলী আশরাফ চৌধুরী সুমন বলেন, চেয়ারম্যান হওয়ার আগে থেকেই আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে দক্ষিণ ঝলম ইউনিয়নকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। শিক্ষা ও চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করব। সংসদ সদস্য আবুল কালামের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
সুমন বলেন, তারেক রহমানের সবার আগে বাংলাদেশ চিন্তার সঙ্গে আমিও একমত। আমার কাছে সবার আগে দক্ষিণ ঝলম ইউনিয়নের জনগণ। জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
মো. কুদরত উল্লাহ, মনোহরগঞ্জ