কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে আরও ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো বিশেষ অভিযানসংক্রান্ত তথ্য থেকে এ বিষয়টি জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দুপুর ১টা ৫ মিনিটে উপজেলার ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে পুকুরসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে ৪ কেজি অবৈধ গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. রফিকুল ইসলাম (৪৫) ও মো. জীবন (২৪)। তাদের দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে।
এদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর আশাবাড়ি সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মো. শিবলী (২৯) ও মেহেদী হাসান টিটু (৩৫) নামে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার টাকা, দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি হোন্ডা এনএক্স-২০০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, ২২ নভেম্বর পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি ও মাধবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. সুলতান আহাম্মেদ (৫৫), চুরি মামলার পলাতক আসামি মো. বায়জিদ (২৩) এবং দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি শ্যামল খাঁন (৪৬) ও মো. রাজিব মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে মো. ইউসুফ (২১), মো. সোহাগ (১৮) ও রিফাত সরকার (২৬) নামে আরও তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ