বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। পরে দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির সাজ্জাদ ও খলিলুর রহমান বিপ্লব, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এ কে এম শাহেদ পান্না।
এ ছাড়া দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজুল হক ও সদস্যসচিব আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আলম জিলানী, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক