কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাভূমিতে ৩৩৪ কেজি কার্প মিশ্র প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের দুটি পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর, থানা কমপ্লেক্সের পুকুর, সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিসের পুকুর এবং ঘুংঘুর নদীতে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সার্জেন্ট (অব.) শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক জলাশয় ও অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের উৎপাদন বাড়ানো এবং দেশীয় মৎস্যসম্পদের উন্নয়নের লক্ষ্যে এসব পোনা অবমুক্ত করা হয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া