কুমিল্লার হোমনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষক নেতাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষকদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সংসদ সদস্য।
বুধবার (২১ অক্টোবর) হোমনা উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সভায় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, আগামী ৬ মাস থেকে ১ বছরের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করে এ সময়ের মধ্যে নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পরবর্তী সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। অতীতে যেভাবে নির্বাচন ছাড়াই কমিটি গঠন করা হয়েছে, সেই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষকদের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। তাই শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষক নেতাদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, শিক্ষকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করার ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, হোমনার শিক্ষার মানোন্নয়নে তিনি সবসময় শিক্ষকদের পাশে থাকবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান), সহসভাপতি শাহ আলম হিমেল ও এ্যাড. আতাউল্লাহ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে নিয়মিত ও কার্যকর পাঠদান, শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন এবং বিদ্যালয়গুলোতে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
মোঃ জয়নাল সরকার, হোমনা