কুমিল্লার চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা, হামলা, ভাঙচুর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের নেতৃত্বে মাদককারবারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ফারুক হোসেন।
সংবাদ সম্মেলনে উপজেলার জগমোহনপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন অভিযোগ করেন, চাচাতো ভাইদের অত্যাচারে পৈতৃক বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। সম্প্রতি নিজের মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি কাটা ও ভরাটের কাজ শুরু করলে চাচাতো ভাই আবদুল কুদ্দুসের নেতৃত্বে একদল মাদককারবারীরা কাজে বাধা দেয়। এ সময় কাজ চালিয়ে যেতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ফারুক হোসেনের দাবি, বাধ্য হয়ে তিনি ৭ লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য আবারও হামলা চালানো হয়। এতে চার থেকে পাঁচজন শ্রমিক আহত হন। ভাঙচুর করা হয় মাটি কাটার ভেকুসহ নির্মাণকাজের সরঞ্জাম।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
এদিকে, জমিসংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগও করেন ফারুক হোসেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নিজের জমির বৈধ কাগজপত্রের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।
একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী।
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে
চৌদ্দগ্রাম প্রতিনিধি